সিরাজগঞ্জের বেলকুচিতে নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কামাড়পাড়া ঘোষপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)। স্থানীয়রা জানান, স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন গৌরাঙ্গ ঘোষ। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দোকানে কাজ শেষে রাতে এসে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে পরিবারের লোকজন তাদের বার বার ডাকলেও কোনো সাড়া মেলেনি। পরে দরজা ভেঙে দুজনের মরদেহ মেঝেতে পরে থাকতে দেখা যায়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুলন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ওসি আরো বলেন, গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ ও হাতের শিরা কাটা থাকলেও তমা ঘোষের শরীরে কোনো দাগ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.