মোঃ শাহীন আলম সিরাজগঞ্জ (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী নুরু মিয়া (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাগুড়া ইউনিয়নের নাদো সৈয়দপুর গ্রামের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নুরু মিয়া একই গ্রামের মেঘা প্রামানিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল।
স্থানীয়রা জানায়, প্রায় সাত বছর আগে উপজেলার নাদো সৈয়দপুর বাহির পাড়া গ্রামের ময়নাল হকের মেয়ের সাথে একই গ্রামের মেঘা প্রাং এর ছেলে নুরু মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর দাম্পত্য কলহ দেখা দেয়। এর জেরে রাগ করে বাবার বাড়িতে চলে যায় আমেনা খাতুন। পরে শুক্রবার বউকে বাড়িতে আনতে শ্বশুর বাড়িতে যান নুরু মিয়া। কিন্তু স্ত্রী আসেননি। পরে তিনি সোমবার দুপুরে বাড়িতে ফিরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.