কুমিল্লার চান্দিনায় স্বামীর সঙ্গে রাগ করে পিতৃগৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাজমা আক্তার নামে এক তরুণী। শনিবার চান্দিনা উপজেলার পৌরসভার ছায়কোট এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তরুণী নাজমা আক্তার (১৭) ছায়কোট দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রামের কামরুল হাসান খোকনের মেয়ে। দুই বছর আগে পালিয়ে গিয়ে হুমায়ূন কবিরকে বিয়ে করেন ওই তরুণী।
স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ২০১৯ সালের মাঝামাঝিতে পার্শ্ববর্তী হারং গ্রামের হুমায়ূন কবির নামে এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেন নাজমা। পরিবার প্রথমে মেনে না নিলেও ২০২০ সালে মেনে নিয়ে উভয় পরিবারের মধ্যে সমঝোতা হয়। তারপর থেকে স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়ে আসছে।
শুক্রবার নাজমা আক্তার বোনের বাড়ি চান্দিনার মাদারপুর গেলে স্বামী কামরুল হাসান ক্ষোভ ঝেড়ে শনিবার সেখান থেকে নিয়ে এসে বাবার বাড়িতে দিয়ে যায়। দুপুরে সবার অজান্তে বাবার বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.