কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় বাবার স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন ছেলে।
বুধবার দুপুর ২টায় আত্মীয়দের নিয়ে হেলিকপ্টারে বিয়ে করতে যান উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের প্রবাসী জালাল আহমেদের ছেলে মো. জাকির হোসেন।
কনের বাড়ি একই ইউনিয়নের ধামুরপাড় গ্রামে। এ সময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকায় শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমান।
পরিবার সূত্রে জানা যায়, জাকির হোসেন একজন সফল ব্যবসায়ী। তিনি স্থানীয় ভোগই বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করেন। এ ছাড়া এলাকায় তার একাধিক মাছের প্রজেক্ট রয়েছে। তার বাবা জালাল আহমেদ কুয়েত প্রবাসী। বাবার স্বপ্ন পূরণ করতেই তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ নেন।
উপজেলার একই ইউনিয়নের ধামুরপাড়া গ্রামের ডা. গিয়াস উদ্দিনের মেয়ে ফারজানা আঁখির সঙ্গে বিয়ে হয় জাকিরের।
কুয়েত প্রবাসী জালাল আহমেদ বলেন, তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে জাকির সবার বড়। তার দীর্ঘদিনের শখ ছিল বড় ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। নিজের শখ পূরণে রাজধানী ঢাকা থেকে তিন লাখ ৫০ হাজার টাকায় একটি হেলিকপ্টার ভাড়া করেন তিনি। হেলিকপ্টারে চড়েই ছেলে বিয়ে করেছেন। এভাবে ছেলেকে বিয়ে করাতে পেরে তিনি আনন্দিত।
মেয়ের জামাই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসায় খুশি জাকির হোসেনের শ্বশুর ডা. গিয়াস উদ্দিন। তিনি বলেন, আমি গর্বিত যে জামাই হেলিকপ্টারে আমার মেয়েকে নিতে এসেছে। আমি খুবই আনন্দিত।
কলমকথা/ সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.