যশোর প্রতিনিধি: যশোরে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম মোছা: মীম। তিনি যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার রবিউল ইসলামের কন্যা। ১লা ফেব্রুয়ারি বুধবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপালের সামনে অসীম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটেছে।
মীমের স্বজনেরা জানায়, মীম টনসিল সমস্যা নিয়ে অসীম ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হয় মঙ্গলবার বিকেলে। সকল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে রাতে ডাঃ তবকর বিশ্বাস তার টনসিল অপারেশন করেন। কিন্তু শরীরের কোনো উন্নতি হয়না। বুধবার সকালে অবস্থার আরও অবনতি হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মীমকে ট্রলিতে করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনেরা জরুরী বিভাগে নিয়ে গেলে ডাক্তার মীমকে মৃত ঘোষনা করেন। তাদের দাবি, ওই ক্লিনিকে মীমেকে ভুল চিকিৎসা করানো হয়েছে এবং অবহেলাও করা হয়েছে।
এ বিষয়ে অসীম ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের মালিক অসীম কুমার মন্ডল বলেন, মীমকে সকালে একটি ব্যাথার ইনজেকশন পুশ করা হয় , তার কিছুক্ষন পর অবস্থার অবনতি হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্য হয়েছে। ভুল চিকিৎসার অভিযোগ তিনি অস্বীকার করে বলেন আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিষয়টা আমরা খতিয়ে দেখছি , এঘটনায় কারো অবহেলা থাকলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.