বিদ্যুৎ উন্নয়ন তহবিলে গ্রাহকের ছোট ছোট অংশ মিলে জমেছে বিপুল পরিমাণ অর্থ। প্রায় ১২ হাজার কোটি টাকার এই তহবিলে ছোট তো বটেই, গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রও। কিন্তু প্রচার না থাকায় গ্রাহকরা জানেন না যে কত বড় বড় প্রকল্পে তারা অবদান রাখছেন।
গ্রাহকরা যে বিদ্যুতের দর পরিশোধ করেন সেখান থেকে প্রতি ইউনিটে ১৫ পয়সা জমা হয় বিদ্যুৎ উন্নয়ন তহবিলে। বিদ্যুৎ খাতের উন্নয়নে এই অর্থ ব্যবহারের একটি নীতিমালা করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কমিশন সূত্র বলছে, গত আগস্ট পর্যন্ত তাদের কাছে হিসাব দিয়েছে পিডিবি। তাতে দেখা যাচ্ছে বিদ্যুৎ খাতের উন্নয়ন তহবিলে মুনাফাসহ সংস্থানকৃত অর্থের পরিমাণ ১১ হাজার ৮৪৭ কোটি ২৮ লাখ টাকা।
জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, ‘এই তহবিল করা হয়েছিল পিডিবির লোকসান কমানোর উদ্দেশ্যে, যাতে বিদ্যুতের দাম বাড়ানোর কথা তারা না বলে। বাস্তবে সেটি এখনও না হলেও অনেকগুলো বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা গেছে এই তহবিলের মাধ্যমে। ভবিষ্যতে এর কারণেই হয়তো আমাদের আর বিদ্যুতের দাম বাড়াতে হবে না।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.