কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, 'দেশে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত সার রয়েছে। সার নিয়ে কৃষকদের উদ্বেগের কোনো কারণ নেই। কোনো কারণে হয়তো দামের একটু হেরফের হতে পারে।'
সোমবার (৭ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
ঢাকায় আয়োজিত এফএও'র ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের বিষয়ে জানাতে কৃষি মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, ৮ মার্চ থেকে ১১ মার্চ ঢাকায় আয়োজিত এ সম্মেলনে ৪৩টি সদস্য রাষ্ট্রের ৯০০ জন প্রতিনিধি অংশ নেবেন। যদিও কৃষিমন্ত্রী বলছেন দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, তবে গত মাসের বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিলাররা সরকার নির্ধারিত দরে সার সংগ্রহ করলেও কৃষকের কাছে নিচ্ছেন বস্তা প্রতি ২০০ থেকে ২৫০ টাকা বেশি।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন ও কৃষি উন্নয়ন করপোরেশন চলতি মওসুমে সারের দর বেধে দেয় প্রতি কেজি টিএসপি ২২ টাকা এমওপি ১৫ টাকা ইউরিয়া ১৬ টাকা। মাঠ পর্যায়ে সার বেচাকেনায় বিস্তর ফারাক থাকলেও ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.