
আসন্ন রমজান মাস সামনে রেখে ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার মেট্রিকটন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সয়াবিন তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
পাশাপাশি রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মোট ৬০ হাজার মেট্রিকটন টিএসপি ও ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। বৈঠকে কমিটির অনুমোদনের জন্য ৯টি প্রস্তাব উপস্থাপন করা হয়।
এগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ৪টি, কৃষি মন্ত্রণালয়ের ১টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি এবং স্থানীয় সরকার বিভাগের ১টি প্রস্তাবনা ছিল।
কমিটির অনুমোদন দেওয়া ৯টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৪০৫ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৬৬৭ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকার ব্যয় করবে ৯৩২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫১৬ টাকা। পাশাপাশি এডিবি, জাইকা ও দেশীয় ব্যাংকঋণ থেকে পাওয়া যাবে ১ হাজার ৪৭৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ১৫১ টাকা।
একইসঙ্গে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে শুন শিং এডিবল অয়েল লিমিটেড থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।
অর্থাৎ প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৫০ পয়সা। এ ছাড়া সভায় আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ওমানের জাদ আল রাহিল ইন্টারন্যাশনাল এলএলসি সুলতানাত থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকা। অর্থাৎ প্রতি লিটারের জন্য খরচ হবে ১৩৭ টাকা ৯৪ পয়সা। অপরদিকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ভারতের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস থেকে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এজন্য ব্যয় হবে ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা। আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস এর লোকাল এজেন্ট বিআইএনকিউ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.