
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নাকুগাঁওসহ ৩টি স্থলবন্দর দিয়ে চলমান আমদানি-রপ্তানি কার্যক্রম আরও বাড়াতে চায় ভুটান। ভারতের ট্রানজিট ব্যবহারের অনুমতি পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল।
সোমবার (১৩ ফেব্রয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে ভুটানের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ভালো।
সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক আরও গতিশীল করতে বাংলাদেশের ৩টি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করতে চায় ভুটান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ভুটানের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। একইসাথে নাকুগাঁও স্থলবন্দরটিও ভুটানের জন্য গুরুত্বপূর্ণ বন্দর। আজ আমি নাকুগাঁও স্থলবন্দরের বর্তমান সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত দিকগুলো দেখতে এসেছি।
ওইসময় বাংলাদেশ কাস্টমসের কমিশনার ওয়াহিদা চৌধুরী বলেন, ভুটান বৃহত্তর ময়মনসিংহ অ লের ৩টি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করতে চায়। এগুলো হচ্ছে শেরপুরের নাকুগাঁও, হালুয়াঘাটের কড়ইতলা ও গোবরাকুড়া স্থলবন্দর। ভুটান বাংলাদেশ থেকে প্রধানত রেডিমেড গার্মেন্টস আমদানি করতে চায়। আর ওখান থেকে পাথর ছাড়াও ফলমূল রপ্তানি করতে চায় এই পথে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা ভুটানকে শুল্কমুক্ত সুবিধাসহ সর্বোচ্চ সহায়তা দিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। যেহেতু মালামাল পরিবহনে ট্রানজিট হিসেবে ভুটানকে ভারতের করিডোর ব্যবহার করতে হবে, সেহেতু ভুটান-ভারতের মধ্যেও একটি চুক্তি সম্পন্ন করতে হবে। এটি তারা সম্পন্ন করলেই এই পথে আমদানি-রপ্তানি শুরু করা যাবে।
স্থলবন্দর পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সাথে ভুটানের মিনিস্টার কাউন্সিলর (বাণিজ্য) কেনচো থিনলে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টফার হিমেল রিছিল, পৌর মেয়র আবু বকর সিদ্দিক বাক্কার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, নাকুগাঁও স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব, নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকারসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে ভুটানের রাষ্ট্রদূত স্থানীয় ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.