
আগামী বছরের মার্চের মধ্যে বাংলাদেশের কাছ থেকে নেয়া ২০ কোটি ডলার ঋণের অর্থ পরিশোধ করবে শ্রীলঙ্কা। ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল ওয়েরাসিংহে।
মোট ৩ কিস্তিতে পরিশোধযোগ্য এই ঋণের প্রথম কিস্তি আগামী ফেব্রুয়ারিতে দেয়া হবে বলেও জানান গভর্নর।
বুধবার (১২ অক্টোবর) বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সাধারণ সভার সাইড লাইন আলোচনা হিসেবে দুই গর্ভনরের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।
গভর্নর বলেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আইএমএফের সহায়তা নিশ্চিত হয়েছে। চীন, জাপান, ভারতও দেশটিকে সহায়তা দিচ্ছে। ফলে মার্চের মধ্যেই অর্থ পরিশোধ করবে বলে তাকে জানিয়েছেন শ্রীলঙ্কার গভর্নর।
আগামী ফেব্রুয়ারিতেই প্রথম কিস্তি এবং মার্চের মধ্যে বাকি দুই কিস্তিতে পুরো অর্থ পরিশোধ করা হবে। উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গত বছর ২০ কোটি ডলার ঋণ দেয়া হয় শ্রীলঙ্কাকে। তিন কিস্তিতে ওই অর্থ দেয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.