ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় ভার সরকার নেবে না জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রংপুর নগরীতে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকেরা কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কম মূল্যে পণ্য কেনার সময় তো সরকারকে জানায়নি। তাহলে তাদের ক্ষতির দায় সরকার নেবে কেন?
মন্ত্রী বলেন, সরকার চায় ই-কমার্স ব্যবসা ভালো করুক। এখন পর্যন্ত ১০-১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
হঠাৎ করে দেশের বাজারগুলোতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি এ সংক্রান্ত প্রশ্ন তুললে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে অনেক এলাকায় বন্যা ও বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। সেই দেশে দাম বাড়ায় আমাদের দেশেও পেঁয়াজের দাম বেড়েছে। ভারতে দাম কমলে এখানেও কমে আসবে। তবে বাজার মনিটরিং করা হচ্ছে। এছাড়া বিশ্ব বাজারে দাম বেশি হওয়ায় দেশে এর প্রভাব পড়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.