
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নমুনা হিসেবে আনা ৫০ লিটার অপরিশোধিত তেল পরীক্ষা করছে সরকার। রাশিয়ান তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেনেফ জেএসসি তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে সপ্তাহখানেক আগে এই নমুনা পাঠায়।
চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে (ইআরএল) বৃহস্পতিবার দুপুরে তেলের নমুনা পৌঁছানোর কথা। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এই তেল রিফাইনারিতে পরীক্ষা করতে এক সপ্তাহ লাগবে। এর পর এই তেলের মান, ব্যবহারের উপযোগিতা ও প্রাসঙ্গিক খরচ সম্পর্কে নিশ্চিত তথ্য পাবে সরকার।
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান বলেন, ‘আমাদের ল্যাবে এই তেল পরীক্ষা করে ফলাফল পেতে এক সপ্তাহের মতো সময় লাগবে। সেই হিসাবে আগামী বৃহস্পতিবার বা শনি-রোববার ফল পাওয়ার কথা।’
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেনেফ জেএসসির পাঠানো ৫০ লিটার অপরিশোধিত তেল গত বৃহস্পতিবার বিমানে ঢাকায় পৌঁছায়। চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে পরীক্ষা-নিরীক্ষার পর এই তেল আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দাম বৃদ্ধির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট দেখা দেয়।
সংকটময় পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার চীন, ভারতসহ কয়েকটি দেশ তেল নিচ্ছে রাশিয়া থেকে। গত মে মাসে বাংলাদেশকেও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব দেয় দেশটি। তবে রুশ তেল দেশে ব্যবহার-উপযোগী নয় বলে প্রথম দফায় তা নাকচ করে দেয় বাংলাদেশ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাশিয়ান তেলে সালফারের পরিমাণ বেশি থাকায় তা পরিশোধন করতে হয়। এতে খরচ বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। তবু নমুনা হিসেবে নিয়ে আসা ৫০ লিটার তেল পরীক্ষা-নিরীক্ষা করে খরচের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.