সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী রোববার (১৪ নভেম্বর) শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। শুক্রবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট নির্দেশনা সম্বলিত পরিপত্র প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কেউ নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে আসলে রেজিস্ট্রারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রসচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবেন।
পরিপত্র বলা হয়, কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।
কেন্দ্রসচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.