
যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কার হওয়া শিক্ষার্থীর নাম আশিকুল ইসলাম।
তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী,তার আইডি নম্বর বি-১৯০৩০৩০৪৪। বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত আদেশে এ সাময়িক বহিষ্কারাদেশের কথা ঘোষণা করা হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৬২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আশিকুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ করেছেন। যার পরিপ্রেক্ষিতে একবার অভিভাবকসহ সেই ছাত্র মুচলেকা দিয়েছিলেন। তারপরও সেই ছাত্র একই ধরনের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
তার বিষয়ে অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আশিকুলের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা কার্যকর থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.