
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে কাছিকাটা বাসস্ট্যান্ড ছুটে যায় ইমন। সেখান থেকে পত্রিকা সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌছে দেয় ১৮ বছরের এই কিশোর। পত্রিকা বিক্রি করে নিজের পড়াশোনার খরচ চালানো ইমন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথমদিনও সকালে পত্রিকা বিক্রি করে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় নাটোরের গুরুদাসপুর উপজেলার অদম্য এই কিশোর।
মনিরুল ইসলাম ইমন গুরুদাসপুর উপজেলার পৌর সদরের খামারনাচকৈড় মহল্লার ভ্যানচালক আশরাফুল ইসলামের ছেলে এবং শিকারপুর কৃষি কারিগরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী।
জানা যায়, ইমনের বাবা পেশায় একজন ভ্যানচালক। মা শাহনাজ বেগম মারা যাওয়ার পর ইমনের বাবা দ্বিতীয় বিয়ে করে। আর্থিক অনটনের কারণে ইমনের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।
সংসারের খরচ মিটিয়ে ইমনের বাবা কোনোভাবেই তার পড়াশোনার খরচ চালাতে পারছিল না। তবে ইমনের অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে দারিদ্রতা।
লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য দেড় বছর আগে পত্রিকা বিক্রির কাজ শুরু করে ইমন। স্থানীয় এজেন্টের কাছ থেকে প্রায় ২০০ কপি পত্রিকা বিক্রি করে মাসে ৫ হাজার টাকা আয় করে ইমন। পত্রিকা বিক্রি করে উপার্জিত টাকায় নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের খরচও বহন করে এই কিশোর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.