প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৬, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৩, ১১:৪৪ পি.এম
ফেসবুকে দ্ব্যর্থবোধক লেখা থেকে বিরত থাকুন: রবি উপাচার্য

হাবিবুর রহমানঃ ২৯ মার্চ (বুধবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় লেকচার থিয়েটারে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগণের উপস্থিতিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাপতিত্বে বিকাল ৪:৩০ মিনিটে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে গড়তে হলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও কমিউনিটির কিছু দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে কমিউনিটির অংশগ্রহণের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, আমাদের কাছে অনেক অভিযোগ আসে, যেগুলো খতিয়ে দেখলে দেখা যায়, অনেকে ফেসবুকে এমন কিছু লেখেন, যা দেখে একজন সন্দেহ করেন, লেখক তাকে নিয়ে লিখেছেন এবং তাঁকে তা দিয়ে হেয় করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষায়, আপনারা ফেসবুকে এমন হেয়ালিপূর্ণ লেখা থেকে বিরত থাকবেন, যাতে করে পারস্পরিক ভুল বোঝাবুঝি না ঘটে। উপাচার্য মহোদয় বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার বিষয়ে একটি সেল কাজ করে যাচ্ছে আপনাদের যেকোনো অভিযোগ থাকলে অভিযোগ বক্সে দিলে আমরা তা প্রতিকারের ব্যবস্থা নেবো।
স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে সাইফ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, সমকাল পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি কোরবান আলি লাভলু বক্তব্য রাখেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রায় যুক্ত হতে পেরে গর্বিত বোধ করেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এসময় রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.