
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি কর্তৃক নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে পর্দা নেমেছে প্রত্নতত্ত্ব সপ্তাহ-২০২২ এর।
বুধবার (২রা অক্টোবর) সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনের সভাপতিত্বে এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নাইমা নুন ও জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান , সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী ও ছাত্র উপদেষ্টা ড. মোহাঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আজকে যারা বিদায় নিয়ে এখান থেকে চলে যাচ্ছে তাদেরকে প্রস্তুত করতে বিগত পাঁচ-ছয় বছরে শ্রম দিয়েছে বিভাগের শিক্ষকরা। আমি আশা করবো তোমরা এই বিভাগ, বিশ্ববিদ্যালয়ের সাথে সামনের দিনেও সম্পর্ক বজায় রাখবে।
বিভাগের সভাপতি ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, এই প্রোগ্রামটি খুব অল্প সময়ে আপনাদের সামনে আনা হয়েছে। এই অল্প সময়ে এই প্রোগ্রাম আপনাদের সামনে তুলে দেয়ার ক্ষেত্রে বিভাগের শিক্ষার্থীরা যে শ্রম দিয়েছে যা যদি তাদের সামনেই জীবনেও দেয় তাহলে তাদের কেউ আটকে রাখতে পারবে না। যে আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হওয়ার আগে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদেরকেও ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.