
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের আবু সায়েম মুরাদ নামে একজন নিহত হয়েছেন
। এ ঘটনায় উত্তেজিত জনতা ববাসচালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এবং বাসে আগুন দিয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদ যাত্রাবাড়ী থেকে গাবতলী রুটের ৮ নম্বর বাসের যাত্রী ছিলেন। ভাড়া নিয়ে তর্কের জেরে বাসের হেলপার ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।
পরে ওই বাসের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মুরাদের ভাই আবু সাদাত সায়েদ অভিযোগ করেন তার ভাইকে হেলপার ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ায় বাসের চাপায় তার মৃত্যু হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সেই বাসে আগুন ধরিয়ে দেয়।
এতে যাত্রীবাহী বাসটির আংশিক ক্ষতি হয়েছে। ভাড়া নিয়ে তর্কের জেরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.