
রাবি প্রতিনিধি:সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে স্ট্রোক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক সুজিত কুমার সরকার ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) ভোর ৫টার দিকে সেন্টমার্টিনে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল বলেন, অধ্যাপক সুজিত কুমার সরকার সপরিবার সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন। আজ ভোরে সেখানে তিনি স্ট্রোক করেন। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা তার চিকিৎসার জন্য সহযোগিতা করেন। তবে তাকে বাঁচানো যায়নি। সেন্টমার্টিনে ভোর ৫টার দিকে তিনি মারা যান।
বাংলা বিভাগের সভাপতি আরও বলেন, সুজিত কুমারের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছে। মরদেহ রাজশাহী পৌঁছালে বিভাগের সামনে এনে শ্রদ্ধা জানাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, অধ্যাপক সুুজিত সরকার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি। তিনি একজন প্রাবন্ধিক ও গবেষক। সেই সাথে তিনি হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোর জেলায়। তিনি রাজশাহী নগরীতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন।
জীবদ্দশায় অধ্যাপক সুজিত কুমার প্রচুর প্রবন্ধ রচনা করেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো 'সাহিত্যের ধর্ম চরিত্র ভাষা' (২০০৯), 'নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস' (২০০৯), 'আধুনিক বাংলা উপন্যাসের ভাষা সমীক্ষা : মানিক বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ ওয়ালীউল্লাহ্'।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.