বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক। তিনি ‘নায়করাজ’ পরিচয়ে দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন। ২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী। কিংবদন্তি এই অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। শাকিব খান ফেইসবুকে প্রিয়নায়ক স্মরণে একটি স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘দেশের চলচ্চিত্র শিল্পের কয়েক প্রজন্মের কাছে তিনি আইকনিক অধ্যায়। একটা সময় আমাদের দেশে ভিনদেশী সিনেমার প্রভাব ছিল। তখন তাঁর আবির্ভাব হয়। তিনি নায়করাজ রাজ্জাক।
তিনি তাঁর অভিনয় দিয়ে দর্শকদের বাংলা সিনেমামুখী করেছিলেন। নিজেই তৈরি করেছিলেন এক স্বতন্ত্র অবস্থান। অভিনয় দক্ষতায় সব ধরণের মানুষের কাছে নায়কদের শিরোমণি হয়ে উঠেছিলেন নায়করাজ রাজ্জাক। তাই কোটি বাঙালির হৃদয়ে আজও তিনি বেঁচে আছেন। যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই তিনি আমাদের সকলের হৃদয়ে অহঙ্কার হয়ে থাকবেন।' অভিভাবক হারানোর বেদনা উল্লেখ করে শাকিব খান লিখেছেন: ‘আজ নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী।
আপনাকে হারানো আমার কাছে অভিভাবক হারানোর মতো বেদনার। আমার বিশ্বাস, চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। আপনি আমার মাথার ওপরে সুবিশাল আকাশ হয়ে ছিলেন।ছায়ায় ও মায়ায় আগলে রেখে ভালোবাসা ও পরামর্শ দিতেন। অনেকদিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন কিসের মধ্যে আছি, এটাই বুঝি আত্মার সম্পর্ক!' শাকিব খান রাজ্জাকের আত্মার শান্তি কামনা করেছেন। খ্যাতিমান এ অভিনেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.