কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি প্রাক্তন স্বামী অপুর সঙ্গে ছাড়াছাড়ির খবর প্রকাশ্যে এনে আলোচনার শীর্ষে রয়েছে এই অভিনেত্রী।
বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই মিডিয়ায় জোর চর্চা চলছে চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারো বিয়ে করছেন। এরপর ১৩ তারিখ সারপ্রাইজ দিবেন বলে ফেসবুকে পোস্ট করে এই চর্চার আগুনে ঘি ঢেলে দেন নায়িকা।
অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করে বিয়ে করলেন ঢাকাইয়া ছবির এই নায়িকা।
মাহির বর সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকার। রাকিব সরকারের স্ত্রী রয়েছে, রয়েছে সন্তানও। সেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়িও হয়েছে কি না জানা যায়নি। রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই।
মাহিয়া মাহি নিজের ফেসবুকে লিখেছেন, আজ ১৩.০৯.২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।
সম্প্রতি হলুদের পোশাকের সঙ্গে মেহেদি রাঙানো হাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মাহি ও রাকিবের কয়েকটি ছবি। ভাইরাল হওয়া ছবিতে মাহির সঙ্গে হলুদ পোশাকের ব্যক্তি কামরুজ্জামান সরকার রাকিবকে দেখা যায়।
এর আগে ২০১৬ সালে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পর থেকেই তার বিয়ে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও তা তিনি অস্বীকার করে আসছিলেন। এরপর গত মে মাসে মাহি নিজেই ফেসবুকে অপুর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের খবর জানান। বিচ্ছেদের পর থেকেই ঢালিউড এই অভিনেত্রীর বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দ্বিতীয় বিয়ের গুঞ্জন শুরু হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.