প্রথমবারের মতো এন আই বুলবুলের কথায় একটি গানে কন্ঠ দিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গানের শিরোনাম ‘গুনাহগার’। এটির সুর ও সংগীত করেছেন রোহান রাজ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক থেকে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে। মেলোডিয়াস কথা ও সুরে গানটি সাজানো হয়েছে বলে জানান শিল্পী আসিফ আকবর। তিনি আরও বলেন, ‘দারুণ কথামালা দিয়ে সাজানো গান ‘গুনাহগার’। দীর্ঘদিন পর ভিন্ন ঘরানার গান গাইলাম। এ গানের গীতিকার ও সুরকার দু’জনই তরুণ। তাদের সঙ্গে প্রথম কাজ করেছি।
এ গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। ’ গীতিকার এন আই বুলবুল বলেন, ‘আসিফ ভাইয়ের জন্য গান করতে পারা সত্যি অনেক আনন্দের। প্রথমবারের মতো তিনি আমার কথায় কন্ঠ দিয়েছেন। চেষ্টা করেছি ভালো কিছু কথায় গানটি সাজাতে।
সুরকার কথার সঙ্গে সমন্বয় করে দারুন সুর করেছেন। ’ চলতি সময়ের গীতিকার এন আই বুলবুলের কথায় কণ্ঠ দিয়েছেন মনির খান, আতিক হাসান, ওপার বাংলার রুপঙ্কর বাগচি, কনা, সালমা, রিংকুসহ এ সময়ের অনেক সংগীতশিল্পী। এছাড়াও রোহান রাজ এ সময়ের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে কাজ করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.