শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমি মন্ত্রী হতে চাই না। শিল্পীদের সঙ্গে থাকতে চাই। এজন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার প্যানেলে যারা আছেন তারা আমাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছেন। এই পদে ইলিয়াস কাঞ্চনের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিপক্ষের প্যানেলের (মিশা-জায়েদ) সহ-সভাপতি পদপ্রার্থী রুবেল দাবি করেছেন,
অনেকেই অতিথি পাখির মতো এসে নির্বাচন করছেন। যাদের অন্য সময় খোঁজ থাকে না। গতকাল রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে ইলিয়াস কাঞ্চন তার প্যানেলের সদস্যদের নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে এমন সমালোচনার জবাবে বলেন, ‘আমাকে নির্বাচনের জন্য আনা হয়েছে।
নিপুণ, রিয়াজ, ইমন, সাইমন সবাই চেয়েছে আমি যেন নির্বাচন করি। সাধারণ শিল্পীরাও চেয়েছে আমি যেন নির্বাচন করি। আর আমি যদি অন্যদের চেয়ে আরও ভালো কাজ করতে পারি তাহলে কেন নির্বাচন করবো না?’
‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এই নায়ক আরও বলেন, ‘অনেকেই বলছেন ইলিয়াস কাঞ্চন তো মন্ত্রী-মিনিস্টার হতে পারেন। সেখানে কেন যান না?’ তাদের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি কি কোনো রাজনৈতিক দল করি? আমি একজন শিল্পী। শিল্পী হিসেবে একজন মানুষ, শিল্পীদের ভাই, বন্ধু। তাই আমি মন্ত্রী হতে চাই না, শিল্পীদের সঙ্গে থাকতে চাই।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.