সুন্দরপুর একটি গ্রাম। সেখানে জমিদার বাড়ির বধূ মুসকান জ়ুবেরির একটি রেস্তরাঁ আছে। সেটিরই নাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। যেমন অসম্ভব অদ্ভুত নাম, তেমনই সুস্বাদু সেখানকার রান্নাবান্না। কর্ত্রী মুসকান নিজে রান্না করে। সে রান্না একবার খেলে বারবার আসতে হয়।
মুসকান আগাগোড়া রহস্যাবৃত এক নারী। তিনি এতটাই রহস্যাবৃত যে, স্থানীয় পুলিশের বড়কর্তারা তার এক ফোনে তটস্থ থাকেন। এমনকি স্থানীয় বিধায়কও তার কথা ফেলতে পারেন না।
তাকে ঘিরেই দানা বাঁধে রহস্য। এই রহস্য উদঘাটনে সুন্দরপুরে এসে পৌঁছায় এক আগন্তুক। নিজের পরিচয় দেয় ‘মহাকাল’ পত্রিকার সাংবাদিক হিসেবে। তার সঙ্গে আলাপ হয় পুলিশের ইনফর্মার আতর আলীর। টাকার বিনিময়ে তিনি আগন্তুককে মুশকান জুবেরি সম্পর্কিত তথ্য দিতে রাজি হয়ে যান।
আগন্তুক রাতের অন্ধকারে মুসকানের বাড়িতে পাঁচিল টপকে ঢুকলে নড়েচড়ে বসে সুন্দরপুরের পুলিশ। আগন্তুককে তুলে আনা হয় থানায়। গল্প আর একটু সিরিয়াস দিকে মোড় নেয়। তারপর ঘটতে থাকে একের পর এক ঘটনা।
তবে কী রহস্য লুকিয়ে আছে এই রেস্তরাঁয়, আগন্তুক কী পারবে এই রহস্য উদঘাটন করতে? এই সব প্রশ্নের উত্তর মিলবে সৃজিত মুখার্জী পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ওয়েব সিরিজে।
‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ এমন একটি ওয়েব সিরিজ যেখানে কখনও মনে সব রহস্যের সমাধান আপনি করে ফেলেছেন, কখনও আবার মনে হবে সবই ধোঁয়াশা। এই যেন সব জেনেও রয়ে গেল অজানা।
পুরো গল্পজুড়ে রহস্যের স্বাদ রাখার চেষ্টা করা হয়েছে। পরিচালক কোথাও সফল হয়েছেন, কোথাও আবার খামতি থেকে গেছে গল্পের বুননে। তবে কমতি গুলো পুষিয়ে দিয়েছেন অভিনেতারা।
এই সিরিজে বাঘা বাঘা অভিনয়শিল্পীর সমন্বয় ঘটিয়েছেন পরিচালক। আজমেরী হক বাঁধন, রাহুল বোস, অনির্বাণ ভট্টাচর্য, অঞ্জন দত্ত, অনির্বাণ চক্রবর্তী, রজত গঙ্গোপাধ্যায়—প্রত্যেকেই প্রমাণিত অভিনয়শিল্পী।
একটি আকর্ষক আখ্যান নির্বাচন এবং পর্দায় তার প্রতি পূর্ণ সুবিচার করার প্রশংসা প্রাপ্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। শোনা যায়, সত্যজিৎ রায় ‘ঘরে বাইরে’ নির্মাণের সময় সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন, নিখিলেশ ও সন্দীপ দু’টি চরিত্রের জন্যই উপযুক্ত সৌমিত্র। যে চরিত্রের উপযুক্ত অভিনেতা পাবেন না, সেটিই সৌমিত্র করবেন। পরে নিখিলেশ হিসেবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় মনোনীত হলে সন্দীপ করেন সৌমিত্র। এই ‘রবীন্দ্রনাথ...’ এর ক্ষেত্রেও মনে হল, অনির্বাণ ভট্টাচার্য ‘নুরে ছফা’ এবং ‘আতর আলী’ দু’টির জন্যই মানানসই ছিলেন। অভিনেতা রাহুল বসু নুরে ছফা বেশ ভালই উতরে দিয়েছেন। একটু ভুল বললাম, নুরে ছফা নয়, নিরুপম চন্দ। কিন্তু অনির্বাণ আতর আলীকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেটা সম্ভবত আর কাউকে দিয়ে হত না। সিরিজ়ে অনেক নামই বদলেছে। ওসি তোফাজ্জল হয়েছেন তপন, এসপি মনোয়ার হয়েছেন মানবেন্দ্র, ডাক্তার আসকার ইবনে সাইদ হয়েছেন ইন্দ্রায়ুধ সেন... সেগুলো একরকম। ধ্বনিগত অনুষঙ্গও বজায় আছে। তবু প্রধান চরিত্রের নাম নুরে ছফা থেকে নিরুপম চন্দ এবং কে এস কে, অর্থাৎ খোদাদাদ শাহবাজ খান থেকে খরাজ খাসনবীশ হয়ে গেলে পরিচিত ইমপ্যাক্টে একটু হলেও ঘাটতি অনুভূত হয়।
অভিনয়ের প্রসঙ্গে অবশ্যই বলতে হয়, আজমেরি হক বাঁধনের কথা। মুসকান জ়ুবেরিকে তাঁর সমস্ত আবেদন এবং রহস্যময়তায় মূর্ত করে তুলেছেন তিনি। প্রতি দৃশ্যে বাঁধন চেষ্টা করেছেন নিজেকে ভেঙে মুশকান জুবেরিরূপে হাজির হতে। তার বলা ‘কোনো প্রমাণ ছাড়া আপনি কি শুধু অনুমানের ভিত্তিতে ভদ্রমহিলাদের ছেলেধরা উপাধিতে ভূষিত করেন?’ সংলাপটি যেন এখনও কানে লেগে আছে। এছাড়া পুরো সিরিজ জুড়ে বাঁধনের সৌন্দর্যের প্রশংসা না করলে অন্যায় হয়ে যাবে। সুতরাং টলিউডের নির্মাতারা বাঁধনকে নিয়ে আলাদা করে ভাবতে পারেন।
অন্যদিকে, খরাজ খাসনবীশের ভূমিকায় অঞ্জন দত্ত এবং তপন শিকদারের ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী খুব ভাল। বাকিরাও যথাযথ। ৯ পর্বের সিরিজের প্রথম তিনটি পর্ব একটু মন্থর লাগলেও চতুর্থ পর্ব থেকে তা আর মনে হয়নি।রহস্যের বুনটে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা বজায় রাখতে সার্থক হয়েছেন পরিচালক।
এক কথায় খুব কম মসলায় ভালো রান্না করতে সফল সৃজিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.