
গ্র্যামি জয়ী হলিউডের পপগায়িকা ও অভিনেত্রী অলিভিয়া নিউটন-জন আর নেই। গতকাল সোমবার (০৮ আগস্ট) ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি তারকা।
সোমবার অলিভিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার স্বামী জন ইস্টারলিং মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘অলিভিয়া নিউটন-জন আজ সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তার খামারবাড়িতে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় পরিবার এবং বন্ধুরা তার পাশে ছিলেন।
আমরা অনুরোধ করছি, সবাই এই কঠিন সময়ে তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাবেন।’ প্রায় ত্রিশ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অলিভিয়া।
২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি নিজেই ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। তখন তিনি মেরুদণ্ডের গোড়ায় ক্যান্সারের চিকিৎসা করাচ্ছিলেন।
এটি ছিল তার তৃতীয়বারের মতো ক্যান্সার আক্রান্ত হওয়া। এর আগে ১৯৯০ ও ২০১৭ সালে অলিভিয়ার স্তন ক্যান্সার ধরা পড়েছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.