শিরোনাম দেখেই পাঠক ভাবছেন, এটা আবার কেমন কথা? যৌবনে বিবাহিত জীবন শুরু করাটাই তো স্বাভাবিক। কিন্তু ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগের বিয়ে করার পেছনে আরও একটা কারণ ছিল। সম্প্রতি 'দ্য কপিল শর্মা শো'তে এসে এত বছর আগের সেই কাহিনী শুনিয়েছেন স্বয়ং বীরেন্দ্র শেবাগ। শোতে তার সঙ্গী ছিলেন আরেক সাবেক তারকা মোহাম্মদ কাইফ।
এর আগেও এই শোতে এসেছিলেন শেবাগ। সেই কথা মনে করিয়ে দিয়ে কপিল শর্মা বলেন, 'আগের বার এসে তুমি বলেছিলে যে হরভজন সিং, যুবরাজ সিং এবং তুমি ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলে।' শেবাগ বলেন, 'হ্যাঁ, আমরা এমন কাউকে বিয়ে করেছি যার সঙ্গে কথা বললে আমাদের ইংরেজি বলা আরও ভালো হবে। এই তালিকায় কপিল (দেব) পাজিকেও যুক্ত করা যেতে পারে।' কপিল দেব বিয়ে করেন রোমি দেবকে।
শেবাগ ২০০৪ সালে বিয়ে করেন আরতি আহলাওয়াতকে। হরভজন বিয়ে করেন অভিনেত্রী গীতা বাসরাকে। কিছু দিন আগেই তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। যুবরাজও বিয়ে করেছেন অভিনেত্রীকে হেজেল কিচকে।
স্মৃতিচারণ করে কাইফ বলেন, একটি সিরিজে শেবাগকে বাদ দিয়ে তাকে এবং যুবরাজকে দলে নেওয়া হয়েছিল। সেই সময় শেবাগ তাদের 'কায়েসে কায়েসে কো দিয়া হে, অ্যাসে ওয়েসে কো দিয়া' গানটি গেয়ে খোঁটা দিতেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.