দেশের প্রেক্ষাগৃহে আগামীকাল শুক্রবার (১৪ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল অভিনীত চলচ্চিত্র ‘ছিটমহল’। ছিটমহলবাসীদের ৬৮ বছরের বঞ্চনার জীবনকে পেছনে ফেলে নতুন করে বাঁচার কাহিনি তুলে ধরা হয়েছে এই সিনেমার গল্পে। রূপগাওয়াল খ্যাত চলচ্চিত্র নির্মাতা এইচ আর হাবিবের পরিচালনায় এই ছবিতে নিজেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করেছেন পিয়া। দর্শকদের সঙ্গে ছবিটি উপভোগ করতে কাল যমুনা ব্লকবাস্টারের সন্ধ্যা সাতটার শোতে থাকবেন তিনি। নতুন এই ছবির মুক্তি নিয়ে পিয়া বলেন, ‘২০১৫ সালে শুটিং শুরু হয়ে আমরা কাজটা ভালোভাবেই শেষ করেছি। সবকিছুই রেডি ছিল। তবে প্যানডেমিক পরিস্থিতি, লকডাউন ও নির্মাতার ব্যক্তিগত কিছু কারণ- সব মিলে হল পর্যন্ত পৌঁছাতে অনেকটা সময় লেগে গেল। এই ছবির মধ্য দিয়ে অনেকদিন বাদে বড়পর্দায় ফিরছি। আশা করি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় ও ছবির গল্পে নির্মিত এই সিনেমাটি দর্শক টানবে।’ উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ ভাগের ফলে সৃষ্টি হয় কিছু দেশহীন জনপদ। ছিটমহল নামে আমরা যে অঞ্চলকে চিনেছি। সেখানকার অধিবাসীদের ৬৮ বছর বঞ্চনার অবসান হয় ২০১৫ সালে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তির ফলে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.