দীর্ঘদিন পর দেশে ফিরলেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শায়না আমিন। গত রোববার লন্ডন থেকে দেশে ফেরেন এই অভিনেত্রী। শুধু নিজে নন, স্বামী-সন্তানসহ এসেছেন তিনি। নিজের ফেসবুকে এক ভিডিও পোস্ট করে শায়না ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্ন যাবে বাড়ি আমার। অবশেষে আমরা আমাদের ঘরে ফিরেছি।’
২০০৬ সালে ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন শায়না। এরপর বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। ‘এক জীবনে এত প্রেম পাবো কোথায়’ শিরোনামের গানে মডেল হয়ে জনপ্রিয়তা পান তিনি। আর এই জনপ্রিয়তা নিয়ে নাম লেখান সিনেমায়।
২০১১ সালে মুক্তি পাওয়া ‘মেহেরজান’ সিনেমায় মেহেরজানের কিশোরীবেলার চরিত্রে কাজ করেন শায়না। পরিণত বয়সের মেহেরজান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের নামি অভিনেত্রী জয়া বচ্চন।
এদিকে ২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর প্রথম সন্তানের মুখ দেখেন তিনি। সেবার মেয়ে সন্তানের মা হয়েছিলেন তিনি। তার মেয়ের নাম আরশিয়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.