
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কলকাতার এক বেসরকারী হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
এর আগে বুধবার (২৫ আগস্ট) রাতে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। মা এবং ছেলে ভাল আছে।
সন্তান জন্ম নেওয়ার সময় তার ইচ্ছে অনুসারে যশ ছিলেন তার সঙ্গে। তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে নুসরাতের মা হওয়ার পুরো পর্যায়েই যশ তার সঙ্গী ছিলেন। খেয়াল রেখেছিলেন নুসরাতের। কিন্তু নিজে এই বিষয়ে কোনও দিন মুখ খোলেননি।
মা হওয়ার পর্যায়ে নারীদের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে সামনের সারিতে এসে দাঁড়িয়েছেন নুসরাত। তিনি জানিয়েছিলেন ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণার প্রবল বাণের মুখে দাঁড়িয়ে তার জীবনের কথা, সিদ্ধান্তের কথা। তার প্রাক্তন সহবাস সঙ্গী নিখিল জৈনের নাম না করে তিনি বলেছিলেন দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত।
নুসরাতের মতে, কেবলমাত্র সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে নিজে ভাল থাকা যাবে না। নিজের পছন্দ আর ইচ্ছেকেই যে প্রত্যেক নারীকে প্রাধান্য দিতে হবে, এই কথাই বার বার নেটমাধ্যমে বলতে চেয়েছেন নুসরাত। তবে তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তিনি কোনও দিন মুখ খোলেননি।
নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল বলেছিলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন,"নুসরাতের সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।” তবে তার অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানা গিয়েছে এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত।
অন্তঃসত্ত্বা প্রসঙ্গে নুসরাত বলেছিলেন, ‘‘মাতৃত্ব আশীর্বাদ, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.