পশুপাখির প্রতি দারুণ মমত্ববোধ রয়েছে ঢাকা ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তাই এবার পশুপ্রেমের জন্য সম্মাননা পাচ্ছেন এই গুণী অভিনেত্রী। পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করছে।
প্রাণীদের ভালোবাসেন, সহযোগিতা করেন— এমন ১০ জনকে দেয়া হচ্ছে সম্মাননা। গত সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করেছে ‘পাও’। এ তালিকায় জয়া আহসান ছাড়া রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
সংগঠন সূত্র জানায়, পুরস্কারের তালিকা ঘোষণা করা হলেও এখনই এটা প্রদান করা হচ্ছে না। কারণ, করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী নভেম্বরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
নতুন ধরনের এ সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেন, ‘কোনোদিন কিছু পাওয়ার জন্য পশু-পাখিদের জন্য কাজ করিনি। যা করেছি, নিজের আনন্দ আর ভেতরের টান থেকেই।তারপরও আমি পুরস্কৃত হচ্ছি, আনন্দটি মোটেও সেজন্য নয়। বরং আনন্দ হচ্ছে অসাধারণ এই উদ্যোগটির জন্য।
এটা পশুপ্রেমীদের মনে উৎসাহ জোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমি ধন্যবাদ জানাই পাও সংগঠন-সংশ্লিষ্টদের। তাদের এই উদ্যোগ অব্যাহত থাক।’ মাঝে মাঝেই দেখা গেছে, পশুদের জন্য কিছু না কিছু করছেন জয়া। তার একটি কুকুর রয়েছে। ‘ক্লিউপেট্রা’ নামে কুকুরটিকে ডাকেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.