
প্রায় ৮ বছর আগে মুক্তি পেয়েছিল বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘পিকু’। মুক্তি পর সিনেমাটি তো বটেই, অমিতাভ বচ্চনের ভাস্কর চরিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে এই সিনেমাতে নাকি প্রথমে অভিনয়ই করতে চাননি তিনি।
সম্প্রতি এমন তথ্যই প্রকাশ্যে এনেছেন ‘পিকু’র চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘পিকু’র ট্যাগলাইন ছিল ‘বেগ থেকেই আবেগ’। সিনেমার গল্পে অনেকটা জায়গা জুড়েই ছিল কোষ্ঠকাঠিন্যের সমস্যা। যে রোগে আক্রান্ত ছিল অমিতাভ বচ্চনের চরিত্র ভাস্কর। আর সেই কারণেই প্রাথমিক ভাবে চরিত্রটিতে অভিনয় করতে রাজি ছিলেন না তিনি।
জুহি চতুর্বেদী জানান, ‘পিকু’র ভাস্কর ও ‘গুলাবো সিতাবো’র মির্জার চরিত্র দুটি তিনি অমিতাভকে মাথায় রেখেই লিখেছিলেন।
জুহি বলেন, ‘সাধারণত কোনো বিশেষ অভিনেতার কথা মাথায় রেখে আমরা চিত্রনাট্য লিখি না। কিন্তু আমার মনে হয়েছিল অমিতাভ বচ্চন ছাড়া আর কোনো অভিনেতা নেই যিনি এই চরিত্র দুটি এমন দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে পারবেন।’
তার মতে, প্রত্যেক অভিনেতার কিছু সীমাবদ্ধতা আছে। চিত্রনাট্য লেখার ক্ষেত্রে সেই ভাবনা প্রভাব ফেলে। কিন্তু অমিতাভ বচ্চনের ক্ষেত্রে অন্য ব্যাপার। এমন কোনো বিষয় নেই যা তিনি জানেন না বা যে বিষয়ে তার কৌতূহল নেই।
২০১৫ সালের মে মাসে মুক্তি পেয়েছিল ‘পিকু’। এতে অভিতাভ বচ্চন ছাড়াও প্রধান আরও দুই চরিত্রে অভিনয় করেন দীপিকা পাডুকোন ও ইরফান খান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.