বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। অমিত আশরাফ পরিচালিত সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার ‘প্রজেক্ট অমি’ সিনেমায় দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা।
সিনেমাটিতে নাসিরুদ্দিন শাহকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে অমিত আশরাফ বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র দেখে তার বেশ পছন্দ হয়েছে। তিনি শুটিংয়ের শিডিউলও দিয়েছেন। নতুন বছরে শুটিং শুরু করব। এরই মধ্যে বাকি শিল্পীদের চূড়ান্ত করা হবে। বর্তমানে শিল্পী নির্বাচনের জন্য কাজ চলছে।’
২০৫০ সালকে ঘিরে ‘প্রজেক্ট অমি’ সিনেমার গল্প সাজানো হয়েছে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রোবট তৈরি করেন। এর নাম অমি। অমি ডার্ক ওয়েবের ভার্চুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেন। এভাবেই গল্পটি এগিয়ে যাবে বলে জানান নির্মাতা।
সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের কাজী প্রোডাকশনস হাউজ ও যুক্তরাজ্যের ব্রিটিশ প্রযোজক জেনি ওয়াকার যুক্ত হয়েছেন সিনেমাটির সঙ্গে। জেনি বিবিসি, চ্যানেল ফোরের জন্য প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন প্রযোজনা তৈরি করেছেন। সিনেমাটির বাংলাদেশি প্রযোজক হিমেল তারিক বলেন, ‘‘প্রজেক্ট অমি’ সিনেমার জন্য ওপেন কাস্টিংয়ের সুযোগ রয়েছে। কেউ সিনেমাটিতে অভিনয় করতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠান অথবা প্রধান সহকারী পরিচালক শেখ আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলেই হবে।
এর আগে পরিচালক অমিত আশরাফ ‘উধাও’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। এ ছাড়া তিনি বানিয়েছিলেন ‘কালি’ নামে একটি ওয়েব সিরিজ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.