
ভারতে এখন সর্বত্র আলোচনায় ‘বেশরম রং’। ‘পাঠান’ সিনেমার এই গানটি নিয়ে ব্যাপক উত্তাল নেটদুনিয়া। গানে শাহরুখ-দীপিকার পোশাক এবং লুক নিয়ে নেটিজেনদের কটাক্ষ যেন পিছুই ছাড়ছে না। দীপিকার বিকিনি পোশাকে অঙ্গভঙ্গিতেই নেতিবাচক মন্তব্যের ঝড় বয়ে গেছে।
এমনকি গানে গেরুয়া ও সবুজ রঙের বিকিনি পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। সেই সঙ্গে গানটি বয়কটেরও দাবি জানিয়েছেন তিনি।
এদিকে একের পর এক সমালোচনায় এই প্রসঙ্গে মুখ খুললেন কোলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে নুসরাত জাহান বলেন, ‘বেশরম গানে দীপিকা আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ লাগছে তাকে।
এসব বিতর্ক না করে, ছবিটা কেমন হবে, তা নিয়ে আলোচনা হওয়া উচিত।’ বিজেপির মন্তব্যের প্রসঙ্গে নুসরাত আরও বলেন, ‘এই দলের সব কিছুতেই সমস্যা। কী খাব, কী পরব। হিজাব নিয়েও এদের সমস্যা রয়েছে, বিকিনি নিয়েও এদের সমস্যা রয়েছে। দেশের মহিলারা কী পরবে, তা বলে দেয়ার দায়িত্ব এদের কে দিয়েছে?’ প্রসঙ্গত, আগামী বছরের (২৫ জানুয়ারি) মুক্তি পাবে ‘পাঠান’ সিনেমা।
সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তাছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.