প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২১, ১:১৯ পি.এম
‘রাধে’ দেখে অসুস্থ, সালমানের কাছে অক্সিজেনের দাবি ভক্তের

ভারতে একে তো করোনার প্রভাব, তার উপরে অক্সিজেনের সংকট। রোগীদের অক্সিজেনের যোগান দিতে যখন হিমশিম খাচ্ছে গোটা দেশ, সেই সময় বলিউড ভাইজান সালমান খানের কাছে অক্সিজেনের আর্জি জানালেন তার অনুরাগী।
দ্রুত অক্সিজেন চাই। দয়া করে সাহায্য করুন, এভাবেই সাহায্য প্রার্থনা করলেন ভাইজানের ভক্ত। তবে করোনাভাইরাসের কোপে কাবু হয়ে নয়, ‘ভাইজান’-এর সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ দেখার পরেই নাকি যাই যাই অবস্থা হয় তার।
শুধু এইটাই নয়, এমন অসংখ্য কটাক্ষের তির গত ২৪ ঘণ্টায় ধেয়ে এসেছে অভিনেতার দিকে। বহুল প্রতীক্ষিত সিনেমা রাধের মুক্তির পর সোশ্যাল মিডিয়ার ট্রোল, মিমের নতুন খোরাক হয়ে উঠেছেন সালমান।
ঈদ উপলক্ষে অভিনেতা তার অনুরাগীদের ‘রাধে’ উপহার দিয়েছিলেন। কিন্তু সেই সিনেমা মুক্তির পরেই কখনও ভাইজানের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, কখনও আবার ব্যঙ্গ করা হয়েছে ‘হাঁটুর বয়সি’ নায়িকা দিশা পাটানির সঙ্গে জুটি বাঁধার জন্য। এ সবের মধ্যেই অভিনেতার একটি ফেসবুক পোস্ট আরও বেশি ঘি ঢেলে দেয় বিতর্কের আগুনে।
অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন সালমান। সেই সঙ্গে তার সিনেমা দেখার জন্য ধন্যবাদ দিয়েছিলেন সকলকে। আর এখানেই বিপত্তি ঘটল।
‘ভাইজান’ যখন তার সিনেমা নিয়ে ‘মন কি বাত’ বলতে শুরু করলেন, তখনই তার মন্তব্যকে ঘিরে শুরু হল বিতর্ক।
কেউ লিখেছেন, ‘আমাদের মিমের জোগান দেওয়ায় আপনাকে ধন্যবাদ’।
একজন আবার লিখে বসলেন, ‘করোনার সঙ্গে তবুও লড়ে নেওয়া যাবে। তবে ‘রাধে’-র সঙ্গে লড়াই করা যাবে না। সরকারের উচিৎ তাড়াতাড়ি টিকাকরণের ব্যবস্থা করার। নইলে একসঙ্গে দুটি অতিমারিকে সামলানো যাবে না’।
অনুরাগীদের সালমানের প্রতি আনুগত্যও এ বার বাঁচাতে পারেনি সিনেমাকে। ঠাট্টা-তামাশার মোড়কে না মুড়িয়েই একজনের স্পষ্ট উপদেশ, ‘দয়া করে রেমো ডি’সুজা এবং প্রভুদেবার সঙ্গে সিনেমা করা বন্ধ করুন’। অনেকেই আবার সালমানকে এমন কোনও চিত্রনাট্য বেছে নিতে বললেন, যেখানে তার অভিনয় দক্ষতা ফুটে উঠবে।
আগাগোড়াই অনুরাগীদের ঈদের উপহার দিয়ে এসেছেন ‘ভাইজান’। সারা বছর বহু প্রত্যাশা নিয়ে সেই দিনটার দিকেই তাকিয়ে থাকেন তাঁরা। বড়পর্দায় সালমানের জাদু দেখার অপেক্ষায় প্রেক্ষাগৃহের সামনে থাকে দীর্ঘ লাইন। এই অতিমারিকালে সেই দৃশ্য না দেখা গেলেও, উচ্ছ্বাসে ভাটা পড়েনি একটুও। মুঠোফোনেই ইতিমধ্যে এই সিনেমা দেখে ফেলেছেন অনেকে। তবে এই প্রথম বোধ হয় ভাইজানের দেওয়া ঈদের উপহারে মন ভরেনি দর্শকের। নেটমাধ্যমে অবিরত ট্রোলিং তেমনটাই বলছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.