চার দিন ধরে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রুদ্ধদ্বার কক্ষে বন্দি বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বৃহস্পতিবার পর্যন্ত আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু শাহরুখপুত্রের এখনই জামিন পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আদালতে তোলা হলে তাকে আরও কয়েক দিন নিজেদের হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে তদন্তকারী সংস্থা।
খবর আনন্দবাজার পত্রিকার। বুধবার রাতে বান্দ্রা অঞ্চল থেকে এক বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু পরিমাণ মেফেড্রোন (এক ধরনের মাদক) উদ্ধার হয়েছে। আরিয়ান এবং তার বন্ধু আরবাজ শেঠ মার্চেন্ট যে অঞ্চলে থাকেন, সেই অঞ্চল থেকেই আটক করা হয় ওই ব্যক্তিকে।
এই ব্যক্তির কাছ থেকে মাদক-পার্টি সম্পর্কে জরুরি কিছু তথ্য উঠে আসতে পারে বলে এনসিবির ধারণা। ২৩ বছর বয়সি আরিয়ানকে প্রথমে একদিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত।
এর পর সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় শুক্রবার পর্যন্ত। কিন্তু এর পরও হাজতে থাকতে হতে পারে শাহরুখ-তনয়কে। উঠে আসতে পারে মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.