ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বেশকিছু দিন ধরে তার অভিনীত মুক্তি পেতে যাওয়া ‘আশীর্বাদ’ সিনেমার ইস্যুতে আলোচনা-সমালোচনায় রয়েছেন তিনি। সিনেমাটির প্রযোজক তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন, ফের মাহিও পাল্টা অভিযোগের তীর ছুঁড়েছেন। এসব নিয়ে ইন্ডাস্ট্রিতে যখন নেতিবাচক চর্চা চলছে, তখন নতুন চমক নিয়ে হাজির হলেন মাহি।
গতকাল শুক্রবার (১৯ আগস্ট) দেড় মিনিটের একটি ঝলকে রীতিমতো চমকে দিয়েছেন মাহিয়া মাহি। এদিন প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘লাইভ’-এর টিজার। রহস্য-থ্রিলে ভরা সেই টিজারের মূল আকর্ষণে নায়িকা। টিজার দেখে বোঝা যায়, একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন রহস্য খুঁজে পায়। বেরিয়ে আসে অনেক অজানা ঘটনা।
এতে মাহির অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক। কেউ বলেছেন, ‘মাহিয়া মাহি আপু অসাধারণ’, কেউ বলেছেন, ‘পুরো টিজারজুড়ে শুধু মাহি আপুকেই দেখেছি। তিনি জাস্ট ওয়াও’; আরেক দর্শক মন্তব্য করেছেন, ‘মাহিয়া মাহি আপু চমক দিলো’।এতে মাহিয়া মাহির সঙ্গে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক ও আদর আজাদ। শামীম আহমেদ রনি পরিচালনায় 'লাইভ' সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.