
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। টিভি নাটকের একসময়ের জনপ্রিয় মুখ মীম এখন চলচ্চিত্রেও নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। সম্প্রতি তাঁর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পরান’ দারুণ ব্যবসাসফল হয়েছে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও পরান প্রশংসিত হচ্ছে।
পরানে নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন মীম। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলে। চলচ্চিত্রে নিজের অভিনয়ের যাদুতে দর্শকদের মুগ্ধ রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মীম বেশ সক্রিয় থাকেন। ভক্ত অনুরাগীদের সঙ্গে নিজের ভালোলাগা, মন্দ লাগা, কাজের সমস্ত তথ্যও শেয়ার করেন নিয়মিত। তবে এরই মাঝে এই অভিনেত্রীর দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ কৌতুহল জন্ম নিয়েছে।
সম্প্রতি এই অভিনেত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে একটি স্ট্যাটাস লিখেছেন। সেই স্ট্যাটাসটি ঘিরেই তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। সেখানে তিনি লিখেছেন, ‘অহঙ্কার পতনের মুল। শুধু অপেক্ষা করুন এবং দেখুন। ’
অভিনেত্রীর এমন স্ট্যাটাসে বেশ নড়েচড়ে বসেছে ভক্ত অনুরাগীরা। কাকে অহঙ্কারী বললেন মীম? কাকে বললেন অপেক্ষা করতে? এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। অভিনেত্রীর স্ট্যাটাসে মন্তব্য করে নিজেদের আগ্রহ ও মতামত প্রকাশ করছেন ভক্তরা।
অভিনেত্রীর এই স্ট্যাটাসকে সমর্থন করে তাঁর এক ভক্ত করে মন্তব্য করেছেন, ‘চিরন্তন সত্য দিদি। ধর্মের কল বাতাসে নড়ে। ’ অপর এক ভক্ত লিখেছেন, ‘কথা সত্য। কিন্তু কেউ কেউ অহংকার করেও পার পেয়ে যায় দেখেছি। ’ অন্য একজন লিখেছেন, ‘অহংকার করলেই ধ্বংস। ’
তবে এ বিষয়ে পরবর্তীতে আর কোনো তথ্য শেয়ার করেননি অভিনেত্রী।
‘পরাণ’ ব্যবসাসফল হওয়ার পর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এখন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘দামাল’ মুক্তির অপেক্ষায় আছেন। দামাল মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.