
বিয়ের পর থেকেই সিনেমার খবরে নেই জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নতুন বছরেও কোনো সিনেমাতে যুক্ত হওয়া বা মুক্তির খবরে তাকে হয়তো ভক্তরা পাবেন না। তবে মাঝে মাঝে সন্তান, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে শিরোনামে আসেন তিনি।
সেই খবরগুলোতে ভক্তদের প্রশংসা কুড়ালেও এবার নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হলেন সোনম। নিজের ফ্ল্যাট বিক্রি নিয়ে রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন তিনি।

জানা গেছে, বর্তমানে লন্ডন প্রবাসী এই অভিনেত্রী তার বান্দ্রার একটি ফ্ল্যাট সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। আর এ নিয়েও নেটিজেনদের নেতিবাচক আলোচনার মুখে পড়েছেন তিনি। কেউ কটাক্ষ করছেন, টাকার অভাবে ফ্ল্যাট বিক্রি করেছেন।
আবার কেউ বলছেন, ভারত থেকে সব গুটিয়ে লন্ডনকেই নিজের ভাবছেন সোনম। বলছেন, ‘শিকড় ভুলতে বসেছেন সোনম। ভুলে যাবেন না এই দেশই আপনাকে সোনম বানিয়েছে!’

এখন অসংখ্য সমালোচনায় ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যদিও বিষয়টি নিয়ে গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য করেনি সোনম কাপুর। তবে ফ্ল্যাট বা রিয়েল এস্টেটের ব্যবসা করে টাকা আয় করা বলিউড তারকাদের কাছে নতুন কিছু না। মুম্বাই শহরে একাধিক সম্পত্তির মালিকানা নিয়ে রাখেন তারা। সুযোগমতো সেগুলো বিক্রি করেন, কিংবা ভাড়া দেন।
সোনম একা নন, প্রিয়াঙ্কা থেকে জাহ্নবী, রাজকুমারসহ অনেক তারকাই সম্পত্তি যেমন কেনেন তেমনই সেগুলো বিক্রিও করে দেন প্রয়োজন মতো। হয়তো সেই পথেই হেঁটেছেন সোনম। ১৫ কোটিতে কেনা ফ্ল্যাট ৩২ কোটিতে বিক্রি সেই ব্যবসায়িক ইঙ্গিতই বহন করছে!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.