বাংলা গানে তাদের দু’জনের ভূমিকা স্মরণীয়। যদিও দুজনের গানের ধারায় পার্থক্য বিদ্যমান। তবে কালের সীমানা অতিক্রম করে তাদের কণ্ঠ-কথা-সুর গেঁথে আছে শ্রোতাদের মনে। তারা হলেন সুবীর নন্দী ও সঞ্জীব চৌধুরী।
১৯ নভেম্বর তারিখটি বাংলাদেশের শ্রোতাদের জন্য বিশেষ। কারণ এদিনটিতে একজনের জন্মদিন, আরেকজনের মৃত্যুবার্ষিকী। এর মধ্যে ১৯৫৩ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন সুবীর নন্দী। আর ২০০৭ সালের এই দিনে পৃথিবী ছেড়ে গেছেন সঞ্জীব চৌধুরী। জন্ম-মৃত্যুর সন্ধি ছাড়াও সুবীর-সঞ্জীবের মধ্যে আরেকটি মিল রয়েছে। তা হলো- তাদের দুজনেরই জন্ম ও বেড়ে ওঠা হবিগঞ্জে।
হবিগঞ্জের হোকুমার তেলিয়াপাড়ায় সুবীর নন্দীর জন্ম ও বেড়ে ওঠা। মায়ের কাছেই সংগীতের প্রাথমিক দীক্ষা পেয়েছিলেন তিনি। পরবর্তীতে একাধিক ওস্তাদের কাছ থেকে তালিম নিয়েছিলেন। যা তাকে শুদ্ধ সংগীতের অন্যতম শিল্পীতে পরিণত করে।
শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সুবীর নন্দী। এছাড়া রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকেও ভূষিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালের ৭ মে মারা যান এই কিংবদন্তি গায়ক।
সাংবাদিকতা বিষয়ে পড়াশোনার পর এই পেশাতেই চাকরি নিয়েছিলেন সঞ্জীব চৌধুরী। তবে ছাত্র থাকাকালীন গানের দল গঠন করেন, জড়িয়ে পড়েন সংগীতের মায়াজালে। সেই মায়া ছড়িয়ে দেন শ্রোতাদের মনেও। তার গাওয়া ‘গাড়ি চলে না’, ‘বায়োস্কোপ’, ‘আমি তোমাকেই বলে দেবো’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘কথা বলবো না’, ‘এই নষ্ট শহরে’, ‘রিকশা’, ‘চোখটা এতো পোড়ায় কেন’ ইত্যাদি গানগুলো এখনও শ্রোতাদের গভীর অনুভবে মিশে আছে। ২০০৭ সালে বাইলেটারেল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হন সঞ্জীব চৌধুরী। ওই বছরের ১৯ নভেম্বর গান-কবিতার ভুবন ছেড়ে না ফেরার দেশে উড়াল দেয় তার প্রাণপাখি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.