এখন থেকে যাত্রীদের যাত্রার তিন থেকে চার ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান শুক্রবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে এ বিষয়টি জানান।
গত ৫ আগস্ট থেকে এয়ারলাইন্সগুলোকে আবার ট্রানজিট যাত্রী পরিবহনের অনুমতি দেয় ইউএই। কিন্তু শুধু দুবাই হয়ে প্রবাসীরা ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পেলেও আবুধাবি হয়ে ট্রানজিটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে।
এ বিষয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, আবুধাবিতে প্রবেশে যাত্রীদের যাত্রার তিন থেকে চার ঘণ্টা আগের পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। তবে এ শর্ত পূরণ করলেই যে বাংলাদেশিরা সরাসরি আবুধাবি হয়ে ট্রানজিট করতে পারবেন সেই বিষয়টি স্পষ্ট নয়। এ ব্যাপারে এয়ারলাইন্সগুলোকে সুনিদির্ষ্ট তথ্য দিতে বলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশিদের প্রবেশ বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ছুটিতে দেশে আসা প্রবাসীকর্মীরা। ভ্রমণ বা ভিজিট ভিসায় সে দেশে গিয়ে চাকরি প্রত্যাশীরাও নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় দিন গুনছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.