
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষকে করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। প্রথমে ষাটোর্ধ্ব মানুষজন চতুর্থ ডোজ আগে পাবেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে টিকা আছে। চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে।
তিনি আরো বলেন, চীন, জাপানসহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ আবার বাড়ছে। আমাদের সতর্ক থাকতে হবে। যদিও দেশে সংক্রমণের হার তুলনামূলকভাবে অনেক কম। দেশে করোনায় মৃত্যু ৩০ হাজারের কম। তবে আমরা একটি মৃত্যুও চাই না।
এদিকে, বৃহস্পতিবার থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত করোনার টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ৭ দিনে ৯০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলেও অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান। স্বাস্থ্য বিভাগ ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশের মানুষকে করোনার টিকা দেওয়া শুরু করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.