
দুর্নীতিসহ নানা অভিযোগে সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম-এর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের আসিফ চত্বরে “সাতক্ষীরা জেলাবাসী” ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী এবং সঞ্চালনা করেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এ সময় বক্তব্য দেন গণ-আন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দু সামাদ গাজী, সহসভাপতি শেখ হাফিজুর রহমান, এবং সাতক্ষীরা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন হাসান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জন আব্দুস সালাম দীর্ঘদিন ধরে দুর্নীতিতে জড়িত, নার্স ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করেন, নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না এবং হাসপাতালের এক আয়াকে কুপ্রস্তাব দেওয়ার মতো অনৈতিক আচরণ করেছেন। এছাড়া কোনো প্রকার নোটিশ ছাড়াই সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করেছেন বলেও অভিযোগ তোলেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন আব্দুস সালাম বলেন,
“যে অভিযোগগুলোর কথা বলা হচ্ছে, সেগুলোর বিষয়ে বিভাগীয় তদন্ত হয়েছে এবং আমি নির্দোষ প্রমাণিত হয়েছি।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.