চট্টগ্রামে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা হ্রাস পেয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন।
আর একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। শুক্রবার (২৭ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬৯ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১২১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ০৭ শতাংশ। লোহাগড়া ১০, সাতকানিয়ায় ১৭, বাঁশখালী ১৪, আনোয়ারায় ১১, চন্দনাইশে ৭, পটিয়ায় ৪, বোয়ালখালীতে ৯, রাউজানে ২৭, ফটিকছড়িতে ১৪, হাটহাজারীতে ৩০, সীতাকুণ্ডে ৪ ও সন্দ্বীপ ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে, বৃহস্পতিবার করোনায় মারা গিয়েছিলেন ৭ জন, শনাক্ত হয়েছিলেন ৩০৬ জন। চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৫৩৭ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭১ হাজার ৭৫৫ জন। বাকি ২৬ হাজার ৭৮২ জন বিভিন্ন উপজেলার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.