দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের র্টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ২৩৮ জন। এর মধ্যে ৯ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৬৯৯ জন মানুষ পেয়েছেন দুই ডোজ টিকা। এছাড়াও টিকার বুস্টার বা তৃতীয় ডোজের আওতায় এসেছেন ৭৪ লাখ ২২ হাজার ৮২৩ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সারা দেশে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে পাঁচ হাজার ৬০০ জনকে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৮২ হাজার ৫৯৮ জনকে এবং বুস্টার ডোজ দেয়া হয়েছে ১৬ হাজার ৮৪৫ জনকে।
দেশে এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, দেশে শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ১২ হাজার ৫০৩ জন টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ৮৯ জন। তবে, সবমিলিয়ে এখন পর্যন্ত ২৭ লাখ ৮২ হাজার ৪১৪ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকার অপেক্ষায় রয়েছে। এদিকে, দেশে ভাসমান জনগোষ্ঠীর ২ লাখ ৩৯২ জন টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের একক ডোজের টিকা দেয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.