
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মেয়ের ঘর থেকে বাচ্চার কান্না শুনে দরজায় ধাক্কাধাক্কি। দরজা খুলতেই দেখা গেল, কিশোরী মেয়ের কোলে শুয়ে তারস্বরে কাঁদছে সদ্যভূমিষ্ঠ। তড়িঘড়ি মা ও সন্তানকে হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ কিশোরীর গর্ভে সন্তানের জন্মদাতা যুবককে গ্রেপ্তার করেছে।
কেরালার মলপ্পুরমে মা-বাবার সঙ্গে থাকে ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, গত সপ্তাহে নিজের ঘর থেকে একেবারেই বেরোয়নি সে। জিজ্ঞেস করলে উত্তর দিত, ‘বিরক্ত কোরো না, স্কুলের অনলাইন ক্লাস চলছে।’ সন্দেহ হয়নি পেশায় নিরাপত্তারক্ষী বাবা ও দৃষ্টিহীন মায়ের। এভাবেই চলছিল।
এদিকে, নিজেকে ঘরবন্দি করে প্রসব বেদনায় অস্থির ১৭ বছরের কিশোরী ইউটিউবে দেখতে থাকে কীভাবে নিজে নিজেই সন্তানের জন্ম দেওয়া যায়। ২৪ অক্টোবর ইউটিউবের ভিডিও দেখে শেখা পদ্ধতি অবলম্বন করেই সন্তানের জন্ম দেয় ওই কিশোরী। ঘটনার কথা জানাজানি হয় তিনদিন পর। যখন সন্তান কেঁদে ওঠে। পাশের ঘরে কিশোরীর মায়ের সন্দেহ হয়, শিশুর চিৎকার আসছে কোথা থেকে? দরজা ধাক্কা দিতেই স্পষ্ট হয় সব কিছু। শিশু কোলে বসে কিশোরী মা!
দ্রুত মা ও শিশুকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ আছে। হাসপাতাল থেকেই খবর যায় পুলিশে। তদন্ত করে পুলিশ ২১ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে। ওই যুবক কিশোরীর প্রতিবেশী।
দু’জনের মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এই ঘটনার কথা পরিবারের কাছে চেপে গিয়েছিল দু’জনই।
পুলিশ সূত্রে খবর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কীভাবে নাড়ি কেটে শিশুকে মায়ের শরীরের থেকে আলাদা করতে হয়, কিশোরীকে তা ইউটিউব দেখে শেখার পরামর্শ দিয়েছিল ওই যুবক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.