আবারও এক নতুন ইলেকট্রিক সুপার গাড়ির চমক নিয়ে এলো টাটা মোটরস। গাড়িটির নাম দেয়া হয়েছে 'টাটা অভিন্ন'। ‘অভিন্ন’ নামটি একটি সংস্কৃত শব্দ, যার মানে ‘নতুনত্ব’।
নতুন প্রজন্মের একটি সুপার ইলেকট্রিক গাড়ি, যার কনসেপ্ট টাটা মোটরস বর্তমানে প্রকাশ করেছে। ২০২৫ সালে মধ্যে গাড়িটি ভারতীয় বাজারে উপলব্ধ হবে বলে বলা হয়েছে সংস্থার তরফ থেকে। ভারতের ফোরহূইলার জয়েন্ট টাটা মোটরসের 'টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মবিলিটি লিমিটেড' এই গাড়ি নির্মাণ করবে।
শুনলে সত্যিই অবাক হতে হয়, এটি মাত্র ৩০ মিনিটের চার্জে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে বলে দাবি করা হয়েছে। আবার ব্র্যান্ডের তৃতীয় প্রজন্মের আর্কিটেকচারের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে নমুনা মডেলটি।
টাটা অভিন্ন’র সম্মুখে একজোড়া বৃহৎ ডিআরএল নজর কাড়ার মতো। এর দ্বারা টাটার লোগোর আকার দেওয়া হয়েছে। ব্যাটারি চালিত হওয়ার কারণে সামনে গ্রিলের উপস্থিতি নেই।
গাড়িটির মূল আকর্ষণ হল প্রজাপতির ন্যায় দরজা (Butterfly doors)। এছাড়া বৃহৎ অ্যালয় হুইল, এলইডি টেল লাইট এবং পেছনের দরজা পর্যন্ত বিস্তৃত এলইডি লাইট বার লক্ষ্য করা গেছে।
এবারে আসা যাক বিলাসবহুল গাড়িটির অন্দরমহল প্রসঙ্গে। ভেতরে ডুয়েল টোন বেইজ এবং বাঁদামী রঙের ইন্টেরিয়ার থিম, একটি প্যানোরামিক সানরুফ, ফ্লোটিং ইন্সট্রুমেন্ট কনসোল সহ ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ডে মধ্যেখানে একটি সাউন্ড বার, সামনের সারির পাশে স্পিকার সহ একাধিক চমকদার ফিচারে ঠাসা রয়েছে। এক কথায় একটি ৫ স্টার হোটেলের রুমের সাথে গাড়ির ভেতরটির কোনো পার্থক্য করা যাবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.