
ভারতের গুজরাটের তরুণী ক্ষমা বিন্দু। তার কোনো পাত্রের সঙ্গে বিয়ে করার ইচ্ছে নেই। তবে কনে সাজার সাধ তার। তাহলে কী করে হবে ইচ্ছেপূরণ? তবে সমাধানও খুঁজে পেয়েছেন ২৪ বছর বয়সী ওই তরুণী।
বিয়ে তিনি করছেন। আগামী ১১ জুন সেই শুভ দিন। তবে সে দিন কনে সেজে তিনি সাত পাকে ঘুরবেন নিজের সঙ্গেই! ক্ষমার বিয়ের আসরে সবই থাকবে। কনে, কন্যাদান, সিঁদুরদান, অগ্নিসাক্ষী, বিয়ের মন্ত্র— সবকিছুই। শুধু বর থাকবে না। থাকবে না দল বেঁধে আসা বরযাত্রীরাও। কারণ কনে বিয়ে করবেন নিজেকে। গাঁটছড়াও বাঁধবেন নিজের সঙ্গেই।
ক্ষমা জানিয়েছেন, সম্ভবত ভারতেও এমন ‘নিজগামিতা’ আগে কখনও হয়নি। অনেক তথ্য ঘেঁটেও তিনি ভারতে এমন কোনও মহিলাকে পাননি যিনি নিজেকেই নিজে বিয়ে করেছেন।
কিন্তু নিজেকে বিয়ে করার কথা মাথায় এল কী ভাবে? প্রশ্নের জবাবে ক্ষমার পাল্টা প্রশ্ন, ‘আমরা নিজেরা নিজেদের ভালবাসতে পারি, আর বিয়ে করতে পারি না?’ ক্ষমা জানিয়েছেন, তিনি নিজেকেই সবচেয়ে বেশি ভালবাসেন।
ক্ষমা জানিয়েছেন, তার এই একা-বিয়েতে সম্পূর্ণ সমর্থন রয়েছে তার বাবা-মায়ের। তারা দু’জনেই খোলা মনের মানুষ। তবে তার এই নিজগামিতার আরো একটি লক্ষ্য রয়েছে। তিনি প্রমাণ করতে চান, মেয়েরা পুরুষের উপর নির্ভরশীল নন। তারা স্বয়ংসম্পূর্ণ। সূত্র: আনন্দবাজার
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.