
ফরাসী সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ ২০১৩-১৪ সালে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) ৫০ লাখের বেশি ডলার প্রদান করেছিল। সিরিয়ায় ব্যবসা চালিয়ে যেতে তারা এই অর্থ দিয়েছিল বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
এদিকে এই লেনদেনের প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্রের আদালতে। মঙ্গলবার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ব্রুকলিন শহরের একটি আদালত প্রতিষ্ঠানটিকে প্রায় ৭৮ কোটি (৭৭ কোটি ৮০ লাখ) ডলার জরিমানা করেছে।
আইএসকে সহায়তা দেয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য, সিরিয়ায় লাফার্জের সিমেন্ট উৎপাদন চালিয়ে যেতে ইসলামিক স্টেটের নেতাদের অর্থ দিয়েছিলেন তারা। এর আগে, ফ্রান্সের আদালতে লাফার্জের আইনজীবীরা দাবি করেছিলেন, অর্থ দেয়ার পেছনে জঙ্গি সংগঠনটিকে সহায়তার কোনো সংকল্প ছিল না প্রতিষ্ঠানটির।
জঙ্গিদের অর্থ দেয়াসংক্রান্ত কিছু গোপন নথি ২০১৮ সালে প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। ফ্রান্সের আদালতের ওই নথিতে দেখা যায়, আইএসকে সরাসরি অর্থ দেয়নি লাফার্জ।
এ কাজে তারা সহায়তা নিয়েছিল তৃতীয় পক্ষের। ব্যবসা চালিয়ে যেতে একইভাবে প্রতিষ্ঠানটি সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার অঙ্গসংগঠনসহ সিরিয়ায় অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকেও অর্থ দিয়েছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.