
ফ্রান্সের উত্তরাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও সাত সন্তানের মৃত্যু হয়েছে। ওই সাত সন্তানের বয়স ২ থেকে ১৪ বছরের মধ্যে। সোমবার (৬ ফেব্রুয়ারি) চার্লি-সুর-মার্নি শহরের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কৌঁসুলি জুলিয়ান মরিনো-রোস বলেন, গত এক দশকে ওই অঞ্চলে এটি বড় আগুন লাগার ঘটনা। বাড়িটিতে মধ্যরাতে আগুন লাগে। এ সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক নারী ও তার সাত সন্তানের মৃত্যু হয়। এ ছাড়া ওই নারীর স্বামীও দগ্ধ হয়েছেন।
তার অবস্থা গুরুতর। রাত ১টা নাগাদ বাড়িটিতে ধোঁয়া দেখতে পেয়ে দমকল বিভাগে ফোন করেন প্রতিবেশীরা। দমকলকর্মীদের কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিদ্যুৎ চলে যাওয়ায় অভিযান ব্যাহত হয়।
বাড়ির নিচতলায় থাকা কাপড় শুকানোর যন্ত্র থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ২০১৩ সালের পর এই দুর্ঘটনাটি সবচেয়ে মর্মান্তিক।
ওই বছর ফ্রান্সের উত্তরাঞ্চলে অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছিল। তাদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.