
গত সপ্তাহে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের জন্য শিক্ষা গ্রহণ বন্ধ করে দিল তালেবান সরকার। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত আফগান নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না।
তালেবানের এই সিদ্ধান্তে জি-সেভেন, যুক্তরাষ্ট্রসহ সৌদি আরব ও তুরস্ক নিন্দা জানিয়েছে। আফগান সরকার নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের কারণ ব্যাখা করেছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) তালেবানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, নারী শিক্ষার্থীরা যথোপযুক্ত ড্রেস কোডের বিধান মানছেন না। এ কারণে তাদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
তালেবানের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম বলেন, নারী শিক্ষার্থীরা ইসলামিক বিধিনিষেধ অবজ্ঞা করেছে। তারা ‘সঠিক পোশাক’ পরিধান এবং ভ্রমণের সময় স্বজনদের সঙ্গে রাখার বিধান মানেনি।
ওই মন্ত্রী বলেন, দুঃখজনকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা শিক্ষার্থীরা মানছে না। তারা এমনভাবে পোশাক পরছে যেন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তারা হিজাবের বিধান মানছে না।
বিজ্ঞানের কিছু বিষয়, প্রোকৌশল, কৃষি; নারীদের সম্মান এবং আফগানিস্তানের সংস্কৃতির সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.